ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার স্থানীয় ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ১০ম শ্রেণীর দুই ছাত্রী রবিবার সকাল পৌনে ১০ টার দিকে স্কুলে যাচ্ছিল। উপজেলার পাইকপাড়া বাজারে পৌঁছালে ওই এলাকার আরিফ হোসেন, মিনহাজ হোসেন মিলু, ফিরোজ উদ্দিন, জাহাঙ্গীর মন্ডল নামের চার বখাটে যুবক ওই ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এ সময় আব্দুল রশিদ নামে এক ব্যক্তি প্রতিবাদ করলে বখাটেরা চলে যায়। কিছুক্ষণ পরেই তারা একটি  চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল রশিদের উপর হামলা চালায়। খবর পেয়ে তার ছোট ভাই দুলাল উদ্দিন ভূইয়া ও আব্দুল মালেক ঘটনাস্থলে গেলে তাদেরও কুপিয়ে জখম করে ওই বখাটেরা। এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে বখাটেরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে দুলাল উদ্দিন ভূইয়ার অবস্থা গুরুতর।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’