সিলেট নগরীর উপশহরে চাঁদা না পেয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ক্যাডাররা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার বেলা দুইটার দিকে জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদের নেতৃত্বে উপশহর মার্কেটের আল বারাকা টেলিকমে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে উপশহরের ব্যবসায়ীরা উপশহর-শিবগঞ্জ ও উপশহর-মেন্দিবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা আড়াই ঘণ্টা ওই এলাকার দোকান পাট বন্ধ ও সড়ক অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবি জানায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জাকারিয়া মাহমুদকে আটকের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিকাল চারটার দিকে অবরোধ তুলে নেয়।
আল বারাকা টেলিকমের স্বত্বাধিকারী জাকির আহমদের অভিযোগ, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা জাকারিয়া তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই মধ্যে রবিবার সকালে এসে জাকারিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আবারো চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে বেলা দুইটার দিকে তার অনুগামী লোকলস্কর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।