হিসাবধারীদের ৫০ হাজার টাকা ঋণে সিআইবি লাগবে না

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নের আওতায় ১০ টাকার হিসাবধারী কোনো গ্রাহককে এককভাবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়ার ক্ষেত্রে গ্রাহকে খেলাপি ঋণের তথ্য (সিআইবি রিপোর্ট) লাগবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়। তবে অন্যান্য ঋণের ক্ষেত্রে ৫০ হাজার বা তার বেশি টাকার ঋণ বিতরণ করতে হলে গ্রাহকের সিআইবি রিপোর্ট নিতে হবে।
 
পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম গতিশীল করতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কোনো খেলাপি ঋণ গ্রহীতা যাতে ঋণ না পায়  সে বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে সার্কুলারে। এতে আরও বলা হয়, এই স্কিমের আওতায় কৃষিঋণ নীতিমালা অনুযায়ী কৃষিখাতে ঋণ বিতরণে ব্যাংক তার নিজস্ব বিবেচনায় ঋণ আদায়ের জন্য এক বা একাধিক কিস্তি নির্ধারণ করতে পারবে। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে দেশের ব্যাংকগুলো ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ চালু করে। এরপর বাংলাদেশ ব্যাংক এ শ্রেণির হিসাবধারীদের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম চালু করে।