ডিআইজি-এসপির সিম ক্লোন করে পুলিশ কর্মকর্তাদের ফোন

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের (এসপি) মোবাইল ফোনের সিম ক্লোন করে প্রতারণার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন এসপি মো. মিরাজ উদ্দিন আহম্মেদ। দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন (৩৫) গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।
 
বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কোনো নির্দিষ্ট মোবাইল সিমের তথ্য চুরি করার পর ওই নম্বর ব্যবহার করাকে বলা হয় সিম ক্লোন করা।
 
এসপি মিরাজ বলেন, ওই যুবক রাজশাহী রেঞ্জের ডিআইজির ও আমার সরকারি মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের ফোন দিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি নজরে আসায় রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
 
পরে তাকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমারের ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেয় বলে জানান সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান।