দিয়েগো কস্তার গোলে আর্সেনালকে ১-০ গোলে হারালো চেলসি। রবিবারের এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালো আর্সেন ওয়েঙ্গারের দল।
এর আগে চেলসির মাঠেও ২-০ গোলে হেরে এসেছিল আর্সেনাল। গানার্সদের বিপক্ষে এ নিয়ে লিগে টানা নয় ম্যাচে অপরাজিত থাকল চেলসি।
রবিবার নিজেদের মাঠে ম্যাচের ১৮তম মিনিটেই দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। দিয়েগো কস্তাকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন জার্মান ডিফেন্ডার পার মার্টেসাকার। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেই পারেন আর্সেনাল সমর্থকরা। রিপ্লে দেখে মনে হয়েছে খুব অল্প সংযোগেই মাটিতে লুটিয়ে পড়েছেন কস্তা। তবে পেছন থেকে এভাবে বাধা দিতে গেলে লাল কার্ড পাওয়ার ঝুঁকি থাকবেই। রক্ষণভাগের শক্তি অটুট রাখতে বাধ্য হয়েই ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদকে উঠিয়ে নিয়ে ব্রাজিলের সেন্টার ডিফেন্ডার গাব্রিয়েল পলিস্তাকে নামান কোচ আর্সেন ওয়েঙ্গার। ফ্রান্সের ফরোয়ার্ড জিরুদের মতো এমিরেটস স্টেডিয়ামের দর্শকরাও এটা মেনে নিতে পারেনি।
আর্সেন ওয়েঙ্গারের এই কৌশলে অবশ্য লাভ হয়নি। ২৩তম মিনিটে স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে গোল করেন ওই কস্তাই। বাঁ দিক থেকে ব্রানিস্লাভ ইভানোভিচের ক্রস থেকে বল জালে পাঠিয়ে দেন স্পেনের এই ফরোয়ার্ড। কস্তার গায়ের সঙ্গে লেগে থাকা পলিস্তা বাধা দিতে পারেননি। ৪২তম মিনিটে ইভানোভিচের হেড গোললাইন থেকে হেড করেই ফেরান আর্সেনালের নাচো মনরিয়াল। বিরতির আগে একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে ডি-বক্সের ভেতর থেকে ম্যাথিউ ফ্লামিনির চেষ্টা লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত কস্তার প্রথমার্ধের গোলেই চেলসির জয় নিশ্চিত হয়।
IMG0
গানার্সদের বিপক্ষে এ নিয়ে লিগে টানা নয় ম্যাচে অপরাজিত থাকল চেলসি। ২০১১ সালের অক্টোবরে শেষবার নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছিল আর্সেনাল। আর্সেনাল জিততে না পারায় শীর্ষেই থাকল এ মৌসুমের চমক জাগানো দল লেস্টার সিটি। শনিবার স্টোক সিটিকে ৩-০ গোলে হারানো দলটির ২৩ ম্যাচে পয়েন্ট ৪৭। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানেই থাকল আর্সেনাল। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪২। ২৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে ৭ পয়েন্ট উপরে আছে গাস হিডিংকের চেলসি। গোল.কম।