পাবনায় একদিনে ২৮৬ শিশু হাসপাতালে

একদিনে শুধু পাবনা জেনারেল হাসপাতালেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২৮৬ শিশু ভর্তি হয়েছে। আর এক সপ্তাহে শিশুসহ প্রায় এক হাজার রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
 
এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর হাসপাতালের বিরুদ্ধে ওষুধ সংকটসহ নানা অভিযোগ করছেন স্বজনরা।
 
রবিবার পাবনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভর্তি শিশুদের সবাই শীতজনিত রোগে আক্রান্ত। কারো ডায়রিয়া, কারো নিউমোনিয়া, আবার কেউ ধুকছে জ্বরের পাশাপাশি সর্দি-কাশিতে।
 
এমতাবস্থায় ওষুধ সংকটসহ স্বজনদের নানা অভিযোগ রয়েছে পাবনা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। কনকনে ঠাণ্ডায় শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের।
 
চিকিৎসক ও শয্যা সংকটের কথা স্বীকার করে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পলিচালন মাহমুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে ২৮৬ শিশু ভর্তি রয়েছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।