ত্রিশালে জাল দলিল করে জোরপূর্বব জমি বেদখলের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি নিরীহ পরিবারের জমি জাল দলিল করে জোরপূর্বক বেদখল করেছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় জমির প্রকৃত মালিক আদালতে মামলা করায় প্রভাবশালী মহল তাকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
অভিযোগে জানা গেছে, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরি গ্রামের উজ্জল মিয়া অলহরি মৌজার ১০৫৮ দাগের ও ৬৬০৩ খতিয়ানের মোট ১২ শতাংশ পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। পৈত্রিক সূত্রে পাওয়া তার ১২ শতাংশ জমিটি এলাকার হান্নান ফরাজী তার অনুগামী লোকলস্কর নিয়ে জোরপূর্বক বেদখল করে।
 
জমির মালিক উজ্জল মিয়া বলেন, ‘প্রভাবশালী মহলের বিরুদ্ধে মামলা করায় হান্নান ফরাজী ও তার লোকজন আমাকে এবং আমার পরিবারের লোকজনদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।’
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।