শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের প্রধান সড়কে গাড়ি চালনা শিখতে গিয়ে দুইজনকে চাপা দিয়ে নিহতের ঘটনায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলামকে আসামি করে মামলা হয়েছে।
রবিবার রাত ১১ টায় নিহত কলেজ শিক্ষক আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমি বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম ও মৃত্যু ঘটানোর অপরাধে মামলাটি করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আইন অনুযায়ী আসামিকে ধরতে পুলিশ কাজ করবে। আর এ মামলার তদন্ত করবেন এসআই আব্দুল বাতেন ভূইয়া।
উল্লেখ্য, শনিবার দুপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আরিফুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটার সড়কে নিজের গাড়ি চালানো শিখছিলেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে এতে চাপা পড়ে গিয়াস উদ্দিন (৭০) ও তার ভাতিজা আতাউর রহমান (৫০) নিহত হন।