ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচটি গরুসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার ভোরে উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন।
জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে গরু নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে অভিযান চালায়। এ সময় ওই সীমান্ত দিয়ে দেশে প্রবেশকালে এসব গরুসহ ওই পাঁচজনকে আটক করে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নার অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।