‘পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের কারণে মানুষ নিরাপদ নয়’

পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে আগামী ইউপি নির্বাচনে পাহাড়ের উপজাতীয় অধ্যুষিত ইউনিয়নগুলোতে অবৈধ অস্ত্রধারীরা তাদের সমর্থিত প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দিবে না বলে অভিযোগ করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
 
সোমবার বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
 
দীপংকর তালুকদার বলেন, ‘পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের কারণে মানুষ আজ নিরাপদ নয়। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে সাধারণ মানুষের মনে সাহস জোগাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
সংগঠনটির সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে এতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ কৃষলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, যুগ্ম সম্পাদক সমির চন্দ্র চন্দ ও যুগ্ম সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি উপস্থিত ছিলেন।