কক্সবাজারের চকরিয়া উপজেলায় বনাঞ্চলের ভেতর থেকে জয়নাল আবেদিন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামের হারুনর রশিদের ছেলে।
সোমবার সকালে উপজেলার মালুমঘাটস্থ আইডিয়েল স্কুলের পেছনে বনাঞ্চল থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল দীর্ঘদিন ধরে মালুমঘাট বাজারের জমজম হোটেলের চাকরি করতো।
নিহতের মা খালেদা বেগম বলেন, ‘রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে জয়নাল মালুমঘাট স্টেশনে জমজম হোটেলে যায়। কিন্তু রাতে সে আর বাড়িতে ফিরেনি। সকালে বনাঞ্চলের ভেতর তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
তিনি আরো বলেন, ‘আমার ছেলেকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমাদের কোনো শত্রু নেই।’
তার দাবি, হোটেল মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে সত্য উৎঘাটন হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’