অনেক দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে এবং বাজারে ওপর বিনিয়োগকারীদের আস্থার কোনো সঙ্কট নেই বলে দাবি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ দাবি করেন।
তিনি বলেন, চীনের পুঁজিবাজারসহ বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারেও বড় ধরনের পতনের ঘটনা ঘটেছে। সারা বিশ্বের তুলনায় গত কয়েক বছর আমাদের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএসইসির মুখপাত্র বলেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই, তা মোটেও সঠিক নয়। বিভিন্ন কোম্পানির আইপিওতে চাহিদার তুলনায় ৫, ১০ এমনকি ১৫ গুণ বেশি আবেদন পড়ছে। এটি বিনিয়োগকারীদের আস্থার প্রকাশ বলেই আমরা মনে করছি। বাজারে কোনো কোনো কোম্পানির দাম কমে যেতেই পারে। আবার কোনো কোনো কোম্পানির দাম বেড়ে যেতেই পারে। এটি মূলত শেয়ারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।