বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সম্পাদকের বিরুদ্ধে তারানার মামলা

সই জাল করে ‘প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের’ অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের সভাপতি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তার পক্ষে সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী গত রবিবার রাতে শাহবাগ থানায় এ মামলা করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘মামলা হয়েছে, আমরা ব্যবস্থা নেব।’
 
গতকাল সোমবার টেলিকম সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিমের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, তার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অর্থ চায় তাহলে  দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ করেছেন তিনি।
 
মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সড়কদ্বীপ সজ্জিতকরণে সহযোগিতা চেয়ে ২০ ডিসেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্যাডে প্রতিমন্ত্রীর সই জাল করে টেলিটকের কাছে চিঠি পাঠানো হয়। একইভাবে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের জন্যও অর্থ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। জোটের সভাপতি তারানা হালিমের নাম, পদবি ও সই জাল করে সংগঠনের প্যাড ব্যবহার করে অরুণ সরকার এ কাজ করেছেন।
 
প্রতিমন্ত্রী তারানা হালিম ইত্তেফাককে বলেন, ‘অরুণ সরকার রানা বিভিন্ন দলীয় কর্মসূচির কথা বলে বিভিন্ন সংগঠন থেকে স্পন্সর নিতে সংগঠনের প্যাডে আমার স্বাক্ষর জালিয়াতি করেছেন, আমার স্বাক্ষর জালিয়াতি করে টেলিটকের কাছেও তিনটি অনুষ্ঠানে স্পন্সর চাওয়া হয়। দু’টি অনুষ্ঠানে তারা স্পন্সরও করেছে। বিষয়টি নজরে আসলে তার বিরুদ্ধে মামলা করি।’ ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘আমি দুর্নীতি সহ্য করি না। দুর্নীতির সঙ্গে নিজ সংগঠনের কেউ জড়িত থাকলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করি না। অন্যায়ের সঙ্গে কোনোদিন আপস করিনি ও করবও না। যদি সে আমার দলের লোকও হয়, তাহলেও কোনো রক্ষা নেই।’
 
তবে অরুণ সরকার রানাকে কোনো টাকা দেয়া হয়নি বলে জানিয়েছেন টেলিটকের এমডি গিয়াস উদ্দিন। ইত্তেফাককে তিনি বলেন, তিনটি অনুষ্ঠানে স্পন্সর করার জন্য আমাদের কাছে প্রতিমন্ত্রীর স্বাক্ষর করা চিঠি পাঠানো হয়েছিল। আমরা বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করি। তাত্ক্ষণিকভাবে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
 
অরুণ সরকারকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করার পরিকল্পনার কথাও জানান তারানা হালিম। তবে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অরুণ সরকার রানা। তিনি বলেন, সংগঠনের যে প্যাডে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার কথা বলা হচ্ছে, সেখানে আমার স্বাক্ষরও জাল করা হয়েছে। কোনো একটি কোম্পানি আমার এবং আপার সই জাল করে টেলিটকের বিজ্ঞাপন নিয়েছে। পরশু জয়দেব নন্দী আমাকে ফোন করেছিলেন, আমি তাকেও একই কথা বলেছি। আমার মনে হচ্ছে, এটা আমাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র। বিনা কারণে আমাকে অভিযুক্ত করা হচ্ছে।’