হবিগঞ্জে শীতে নবজাতকসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।মঙ্গলবার সকাল পর্যন্ত শীতের প্রকোপে ও ঠাণ্ডাজনিত নানা রোগে ৪ নবজাতক ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
গত দুই দিনের ঠাণ্ডায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক রোগী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ২ নবজাতক, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নবজাতক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নবজাতক ও রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
হবিগঞ্জে শীতের কারণে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানিসহ ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দুপুর ১২টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করেছে।
 
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। অনেক রোগী সিট না পেয়ে মেঝেতে রয়েছে। শিশু ওয়ার্ডে রোগীদের উপচেপড়া ভিড়। রোগীদের প্রচণ্ড চাপের কারণে সেবা দিতে ডাক্তার-নার্সরা হিমশিম খাচ্ছেন।
 
মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, ঠাণ্ডা কমলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তিনি শিশুদের সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন।