এতোদিন ৬ থেকে ১৮ বছরের মধ্যের শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিংয়ের আওতায় হিসাব খুলতে পারলেও এবার তা সব বয়সী স্কুলশিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
এখন থেকে ছয় বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীরাও এই হিসাব খুলতে পারবে বলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে জানানো হয়েছে।
সব বয়সী স্কুলশিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেয়ার পেছনে পাঁচ বছর আগে স্কুল ব্যাংকিং চালুর পর যে সাড়া মিলেছে তা বিবেচনায় এসেছে বলে গভর্নর আতিউর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরুর পর পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করছে শিশু-কিশোররা। আমানতের পরিমাণ ছাড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।
শুধু স্বচ্ছল পরিবারের শিশু-কিশোর নয়, অনাথ পথশিশুদের জন্যও সহজলভ্য ব্যাংকিং সেবা চালু করেছে বাংলাদেশ।
শিশুদের এই আমানত বিনিয়োগে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। শিশুদের কেবল আত্মনির্ভরশীল করা বা ব্যাংক ও আর্থিক সেবার সঙ্গে তাদের পরিচিত করানো নয়, স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে।