জ্বলে উঠুক আমাদের তরুণরা

আমি তখনও কৈশোর পার করিনি। আমাদের চোখে তখন দূর আকাশের তারা হলেন রোহান কানহাই, ভিভ রিচার্ডসরা। দেশে বসে শুনলাম, ওয়েস্ট ইন্ডিজের যে দলটা খেলবে, তার কোচ কানহাই। সেই থেকে টগবগ করছিলাম তাকে এক পলক দেখার জন্য।
 
টুর্নামেন্ট শুরুর আগে একটা অফিসিয়াল ডিনার ছিল। আমি তক্কে তক্কে ছিলাম, কানহাইকে কাছ থেকে দেখবো। অনেকেই এমন আশায় ছিল। হঠাৎ তাকে দেখলাম। পাশে একটা ছোটখাটো ছেলেকে নিয়ে এসেছে। তার দিকে সবাই আগ্রহভরে এগিয়ে যেতেই সে বললো, ‘আমাকে নয়, এই ছেলেটাকে দেখো। ভবিষ্যতের ক্রিকেট দুনিয়া মাতাবে এই ছেলেটা। নাম লারা। হ্যাঁ, ব্রায়ান চার্লস লারার কথা বলছি। সেই ১৯৮৮ সালে তার সঙ্গে পরিচয় হয়েছিল। কিশোর বয়সে শুধু লারা নয়, ইনজামাম-জয়াসুরিয়া বা নাসের হোসেনের সঙ্গে সেই পরিচয়টা করিয়ে দিয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেটা ছিল দুনিয়ার ইতিহাসের প্রথম যুব বিশ্বকাপ।
 
ঠিক আইসিসির উদ্যোগ ছিল না। আমার যতদূর মনে পড়ে অস্ট্রেলিয়া সরকার দেশটির একটি ক্রিকেট উত্সবের অংশ হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহায়তায় টুর্নামেন্টটি আয়োজন করেছিল। আমি আইসিসি সহযোগী একাদশ নামে সমন্বিত একটা দলে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলাম। আমার জন্য সেটা ছিল দুনিয়ার দুয়ার খুলে যাওয়ার একটা ব্যাপার। ওই টুর্নামেন্টেই আমার পরবর্তীকালের দারুণ বন্ধু ও সহকর্মী রাজু (ভেকটপতি) এবং আরও অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল। ওখানেই আসলে বুঝতে পেরেছিলাম, ক্রিকেট দুনিয়াটা কতো বিশাল।
 
এবার বাড়ির মাঠে সেই উপলব্ধি করার সুযোগ আমাদের কিশোর ছেলেদের সামনে। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশে যুব বিশ্বকাপ। আমি বলবো, এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের চেয়ে ভালো স্বাগতিক আর হয় না। আপনি যুব বিশ্বকাপ পৃথিবীর যে কোনো জায়গায় আয়োজন করতে পারেন। কিন্তু বেশিরভাগ জায়গায় যুবদের এই টুর্নামেন্ট আলো পাওয়ার সম্ভাবনা থাকে কম। বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ ঠিকই এই ছোটদের আসর নিয়েও যথেষ্ট আমোদিত। আর এটা সবচেয়ে বড় সুযোগ আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য। নিজেদের মেলে ধরার সুযোগ, ক্রিকেটের বিশালত্ব ও সৌন্দর্য উপভোগ করার সুযোগ।
 
আমি ছেলেদের ওপর কোনো চাপ তৈরি করতে চাই না। তবে সম্প্রতি ছেলেদের সঙ্গে দেখা করেছিলাম। দেশে গিয়ে ওদের ক্যাম্পে গিয়েছিলাম। ছেলেদের প্রস্তুতি, মনোভাব দেখে আমি খুবই আশাবাদী। গত দুই বছরের মতো সময় ধরে ওরা প্রস্তুতি নিচ্ছে। আমি আশাবাদী ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে।
 
 
 
আমিনুল ইসলাম বুলবুল:
 
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রথম যুব বিশ্বকাপের খেলোয়াড় এবং বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী আইসিসি কর্মকর্তা।