দিনে অপহরণের পর রাতের কোনো এক সময় উপর্যুপরি গুলি করে হত্যা করা হয়েছে যুবক রবিউল ইসলামকে (৪৫)। বুধবার সকালে জীবননগর উপজেলার দেহাটি-সেনেরহুদা সড়কের ব্রিজের কাছে রাস্তার পাশে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড় হতে সাদা পোষাকধারী একদল ব্যক্তি হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসযোগে তাকে অপহরণ করে বলে তার পরিবারের অভিযোগ।
এলাকাবাসী জানিয়েছে, নিহত রবিউল সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। গত কয়েক দিন ধরে দেহাটির ৪টি ইট ভাটা মালিকের কাছে ৩৫ লাখ টাকা চাঁদা চেয়ে মোবাইল করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকার করায় পিয়াস বিক্সে গত শনিবার বোমা হামলা করা হয়। এরপরও চাঁদাবাজচক্র একের পর এক চাঁদার দাবিতে ইট ভাটা মালিকদের অতিষ্ট করে তোলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে একজন পুলিশ অফিসারকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত যুবকের বুকের বাম পাশে ৩টি গুলির ক্ষতস্থান পাওয়া গেছে। নিহত রবিউলের পরিচয় তার ভগ্নিপতি সেনেরহুদা গ্রামের সেলিম উদ্দিন সনাক্ত করেছে বলে তিনি জানান। রবিউলকে প্রতিপক্ষ অথবা কারা হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।