‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে’

 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর,আর,এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথ্যা বলেন।
 
 
মেহের আফরোজ চুমকি বলেছেন, কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আজকের শিশু, আগামীর ভবিষ্যত্ কর্ণধার। তারা শিক্ষিত জাতি হলে দেশ আরো বেশি এগিয়ে যাবে।
 
প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, লেখা-পড়ার পাশাপাশি সন্তানদের ক্রীড়া চর্চার সুযোগ করে দিতে হবে। আর এই ক্রীড়া চর্চা অব্যাহত থাকলে তারা মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে।
 
কালীগঞ্জ আর,আর,এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা ইয়াসমীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমানসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।