কুমিল্লায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বুধবার বিকালে জেলার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২ জনকে আটক করেছে।
জানা গেছে, গত রবিবার রাতে মুরাদনগর উপজেলার নহল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে পরমতলা ও নহল গ্রামের যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে পরমতলা ও নহল গ্রামের দুইগ্রুপের লোকজন বুধবার বিকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় প্রায় ১ ঘণ্টা ঢাকা-মুরাদনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সুজন হাছান ও মেহেদি হাছান নামে ২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।