মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় চার হাজার কেজি চোরাই রাবার উদ্ধার করেছে বিজিবি।
বুধবার উপজেলার মাজদিহি চা বাগানের দুই শ্রমিকের বাড়ি থেকে এ চোরাই রাবারগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমদ।
তিনি বলেন, সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে জেলার প্রায় অর্ধশত বাগান থেকে রাতে এই রাবারগুলো সংগ্রহ করায় একটি সিন্ডিকেট। উদ্ধার রাবার এ চক্রেরই একটি চালান। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
মৌলভীবাজার সহকারী বন কর্মকর্তা (বন্যপ্রাণী) তবিবুর রহমান জানান, লাইসেন্স ছাড়া রাবার বিক্রয়, সংগ্রহ বা প্রসেসিং নিষেধ। এ রাবারগুলো উদ্ধারের সময়ে কেউ কোনো লাইসেন্স দেখাতে পারেনি।
উদ্ধার করা রাবারের পরিমাণ প্রায় চার হাজার কেজি, যার বাজার মূল্য আনুমানিক আট লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।