দেশে ২৫ কোটি জোড়া জুতার চাহিদা: শিল্পমন্ত্রী

 
দেশে বর্তমানে ২৫ কোটি জোড়া জুতার চাহিদা রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
 
‍পাদুকা প্রস্তুতকারী সমিতি থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, বাংলাদেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া; উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। এ হিসেবে দেশের উৎপাদন দিয়ে পাঁচ কোটি জোড়া জুতার চাহিদা মেটানো যাচ্ছে না।
 
চাহিদা মেটাতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে জুতা উৎপাদনে উৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন আমির হোসেন আমু।
 
মন্ত্রী বলেন, দেশে বিদ্যমান কামরাঙ্গীচর, বকশীবাজার, ঢাকা, কেরানীগঞ্জ, ভৈরব, চট্টগ্রাম, চাঁদপুর, নাটোর, জয়পুরহাট, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুরসহ সারা দেশে পাদুকা শিল্পগুচ্ছ চিহ্নিত করে সেগুলো ‍উন্নয়নে সমন্বিত কর্মসূচি নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
 
এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়, বিসিক ও পাদুকা প্রস্তুতকারী সমিতি যৌথভাবে কাজ করছে বলে জানান শিল্পমন্ত্রী।
 
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপনের প্রাথমিক খরচ তুলনামুলকভাবে বেশি হওয়ায় অনেক গ্রাহক এতে আগ্রহী হন না।
 
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।