আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের টেস্ট ওপেনিং ব্যাটসম্যান ইমরান ফারহাত। এর ফলে শুক্রবার থেকে দুবাইয়ে শুরু হওয়া মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল) অংশগ্রহণে আর কোন বাঁধা থাকলো না।
ইতোমধ্যেই ৩৩ বছর বয়সী ফরহাত পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সাথে দেখা করে এমসিএল এ খেলার ব্যাপারে ছাড়পত্র চেয়ে তা পেয়েও গেছেন বলে জানা গেছে। ২০১৩ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মাস্টার্স লীগের আকর্ষনীয় প্রস্তাবের বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফারহাতের সরে দাঁড়ানো জরুরী ছিল। এমসিএল এ বেশ কয়েকজন সাবেক পাকিস্তানী খেলোয়াড় অংশ নিচ্ছেন। পিসিবি’র নীতি অনুযায়ী এমসিএল এ খেলার জন্য যেসকল খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন তাদের প্রত্যেককেই আগে আন্তর্জাতিক ক্যারিয়ার ত্যাগ করতে হবে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে কোন আপত্তি জানায়নি পিসিবি।
পাকিস্তানের হয়ে ফারহাত এপর্যন্ত ৪০টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও সাতটি টি২০ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০১৩ সালের জুনে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া ১৮২টি প্রথম শ্রেণীর ম্যাচে রান করেছেন ১২,৬৬৯। ফারহাতের সাথে এমসিএল এ যোগ দেয়া সাবেক সতীর্থরা হচ্ছেন আব্দুল রাজ্জাক, সেলিম এলাহী, মোহাম্মদ ইউসুফ, সাকলাইন মুস্তাক, রানা নাভেদ, তওফিক ওমর, ইয়াসির হামিদ, মুস্তাক আহমেদ, আজহার মাহমুদ, হাসান রাজা, হুমায়ুন ফরহাত ও মোহাম্মদ খলীল। বাসস।