বগুড়ার সান্তাহারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের সান্তাহার পৌর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার ছোট আখিরা গ্রাম থেকে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে সান্তাহার শহরের পোতাহার এলাকায় জাহিদুর রহমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সড়কের সান্তাহার পৌর রেলগেট এলাকায় নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত আজিজুর রহমানের স্ত্রী রোকেয়া বেওয়া (৬০) নামে এক নারী মারা যান। এ সময় রাবেয়া বেওয়া (৫০), ফেন্সি বেগম (৩০), আকলিমা খাতুন (৪০) তার ছেলে আরাফাত (৫) ও অটোরিকশার চালক ইউনুছ আলী (৩০) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটকের চেষ্টা চলছে। আহতদের মধ্যে রাবেয়া বেওয়ার অবস্থা আশংকাজনক।