নীলফামারীর জলঢাকা উপজেলায় পাল বংশের রাজার নির্দশন পরিদর্শন করেছেন জন প্রশাসন বিভাগের যুগ্ম সচিব সরকার মাহবুব। বুধবার বিকেলে পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি মত বিনিময় করেন।
প্রত্নতত্ত্ব অধিদফতর মহাস্থান জাদুঘরের সহ-কস্টোডিয়ান এসএম হাসানাত বিন ইসলাম, বগুড়া মহাস্থান জাদুঘর কস্টোডিয়ান মুজিবুর রহমান, রংপুর জাদুঘর কস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল, রাজশাহী বিভাগের সিনিয়র ড্রাফসম্যান আফজাল হোসেন, রাজশাহী বিভাগের আলোকচিত্রকর আবুল কালাম আজাদ, সার্ভেয়ার লোকমান হোসেন ও এস কবির এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে যুগ্ম সচিব সরকার মাহবুব জানান, পাল বংশের এই নিদর্শনের মধ্য দিয়ে সীমান্তবর্তী এলাকা বলে পরিচিত নীলফামারী জেলার এই উপজেলাটি পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, ‘ধর্মপালে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হতে পারে। আমি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’
উল্লেখ্য, জলঢাকা উপজেলার গড় ধর্মপাল ইউনিয়নের পূর্ব খেরকাটি নামক স্থানে নিদর্শনটি আবিষ্কার হয়। ১ জানুয়ারি থেকে অধিদফতরের একটি দল অনুসন্ধান চালিয়ে এর সত্যতা পান। এ পর্যন্ত ধ্বংসাবশেষের প্রাচীন কিছু নিদর্শন উদ্ধার করতে পেরেছে প্রত্নতত্ত্ববিদরা। অনুসন্ধান দলের ফিল্ড ডিরেক্টর প্রত্নতত্ত্ব অধিদফতর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার নেতৃত্বে সাত সদস্যের একটি দল ১৬ জানুয়ারি থেকে ধর্মপাল এলাকায় এ নিদর্শন উদ্ধারে কাজ করছেন।