নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক খ্রিষ্টান দম্পত্তিকে বাসায় ঢুকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এরা হলেন, গাব্রিয়েল কস্তা (৮০) ও স্ত্রী বীণা পিরিস (৭০)।
বুধবার গভীর রাতে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আহত দম্পতি অচেতন থাকায় প্রকৃত ঘটনা জানতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে কালিকাপুর এলাকায় ওই দম্পতির বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ওই দম্পতিকে মারপিট করে আহত ও সংজ্ঞাহীন করে ঘরের মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গাব্রিয়েল কস্তার প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এ সময় গাব্রিয়েল কস্তা ও তার স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। এবং ঘরের মালপত্র এলামেলো অবস্থায় পড়েছিল। পরে সংজ্ঞাহীন দম্পতিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করানো হয়।
বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তীব্র শীত আর ভীতির কারণে আহত দম্পতি অচেতন হয়ে আছেন। কিছু সময় বিশ্রামে থাকলেই তারা সুস্থ হয়ে উঠবেন।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ‘আহত শিক্ষকের বাড়ির পাশে একটি মাদকের আসর বসতো বলে স্থানীয়রা তাকে জানিয়েছে। হয়তো নেশার টাকা নিতে তারাই হামলা চালিয়ে থাকতে পারে।’
তিনি আরো বলেন, আহত দম্পতির জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা জানা যাবে।