দেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আর্থিক প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হওয়া তিন দিনব্যাপী অষ্টম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ওষুধ অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ পূরণ করে বিশ্বের ১১৭টি দেশে রপ্তানি হচ্ছে। যা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পকে আরো ভালোভাবে এগিয়ে নিতে আর্থিক প্রণোদনা দেয়া হবে।
অষ্টম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬ শীর্ষক এ মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ‘ঔষধ শিল্প সমিতি’ আয়োজিত তিন দিনের এ মেলায় আমেরিকা, জাপান, তাইওয়ান, ভারত, চায়না, কোরিয়া, থাইল্যান্ডসহ ৮০টির অধিক দেশের ৪০০টি কোম্পানি অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাজার ও পণ্য বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশীয় ওষুধের বাজার সম্প্রসারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে।
এ সময় তিনি ২০২১ সালের মধ্যে দেশের রপ্তানি আয়ের পরিমাণ ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওষুধ প্রশাসক অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান প্রমুখ।