ডিজিএমের স্বাক্ষর জাল

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতে ২ যুবকের কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত পল্লী বিদ্যুতের ডিজিএমের স্বাক্ষর জাল করার অপরাধে ২ যুবককে কারাদণ্ড প্রদান করেছেন। জনগণের সঙ্গে প্রতারনা করার অপরাধে দণ্ডপ্রাপ্ত দুজন হলো, সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর গ্রামের পরিতুল্লাহ ‍বিশ্বাসের ছেলে আশরাফুল আলম (৩০) এবং মাগুরা গ্রামের মনমথ অধিকারীর ছেলে অমরেশ কুমার অধিকারী (৩০)।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় প্রতাকদ্বয়ের কাছে থেকে ডেপুটি জেনারেল ম্যানেজারসহ বিভিন্ন কর্মকর্তার জাল স্বাক্ষরকৃত কাগজপত্র পাওয়া যায়।যা ব্যাবহার করে সাধারণ মানুষকে দ্রুত সংযোগ পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে আসছিল প্রতারকরা।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯১ ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময়ে  পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রংগলাল কর্মকার, এসআই কাজী জুবাইর প্রমুখ উপস্থিত ছিলেন।