নারায়ণগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ র‌্যাব সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের সঙ্গে র‌্যাবের পিকআপের সংঘর্ষে দুই র‌্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন র‌্যাব-১১ এর সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল।
 
নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়র লতিফ খান জানান, র‌্যাব সদস্যদের নিয়ে পিকআপটি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে পুরিন্দা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন সার্জেন্ট মনসুর। ঢাকা নেয়ার পর মারা যান কনস্টেবল সোহেল।
 
আহত অপর দুই র‌্যাব সদস্যকে গুরুতর অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।