শেষ শুক্রবারে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীর ঢল

দু’দিন পরেই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য  মেলার। আর তাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেলায় ক্রেতা-দর্শনার্থীর ছিল উপছে পড়া ভিড়। এদিকে মেলার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
 
সকাল  থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বিভিন্ন  জেলা  থেকে ক্রেতা-দর্শনার্থীরা আসতে শুরু করেন। এতে ফার্মগেট, খামারবাড়ি হয়ে মিরপুর-১০ নম্বর রুট ও মহাখালী থেকে বিজয় সরণি হয়ে মিরপুর রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে দুপুরের আগেই মেলার পার্কিং কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
 
আগামী রবিবার পর্দা নামবে মাসব্যাপী এই মেলার। শুক্রবার মেলার ২৯তম দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা  গেছে। সকাল  থেকেই মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।  মেলার সময় যত শেষ হয়ে আসছে ততই ক্রেতা সমাগম বাড়ছে। আর বিক্রেতারাও বিভিন্ন ছাড় দিচ্ছে। ফলে বিক্রিও বাড়ছে প্রতিদিন। মেলা প্রাঙ্গণে কথা হয় মিরপুর  থেকে আসা রশিদ বাবুর সঙ্গে। স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন ফ্রিজ এবং এলইডি টিভি কেনার উদ্দেশ্যে।  মেলার শেষের দিকে কেন আসলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  শেষের দিকে অনেক পণ্যে ছাড় থাকে সেই জন্যই আসা। বিশেষ করে আমরা যে পণ্য কিনব সেগুলোতে প্রথম দিকের চেয়ে এখন বেশি ছাড় পাচ্ছি।
 
গত ১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার  মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গত বছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ নির্ধারিত সময়ের পর ১০ দিন বাড়ানো হয়েছিল।
 
ইপিবির উপপরিচালক (অর্থ) ও মেলার আয়োজক কমিটির সদস্য সচিব  রেজাউল করিম বলেন, এবার মানুষ স্বচ্ছন্দে মেলায় আসতে  পেরেছে। এজন্য খুশি স্টল ও প্যাভিলিয়ন মালিকরা। এ কারণে এ বছর  মেলার  মেয়াদ বাড়ানো হবে না।