কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের কমপক্ষে আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।
শুক্রবার জেলার দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কের বাগুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় যোগ দিতে দেবিদ্বার থেকে দলের নেতা-কর্মীরা চান্দিনা উপজেলা সদরে যাচ্ছিলেন। বাগুর এলাকায় পৌছালে একদল সন্ত্রাসী অতর্কিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গাড়ি বহরে হামলা চালায়। এতে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, মিজানুর রহমান, শাহ জালালসহ কমপক্ষে আট নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত লুৎফুর রহমান বাবুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হুমায়ুন মাহমুদ জানান, দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের কর্মীরা হামলা চালিয়েছে।
এ ঘটনায় এমপি রাজী মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।