কক্সবাজারের উখিয়া উপজেলায় নাচের আসরে টিকিটবিহীন প্রবেশের জেরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। নিহত শাহিন (২২) উখিয়া কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ছিলেন।
বৃহস্পতিবার রাত একটায় উখিয়া সদর স্টেশনে এ ঘটনা ঘটে। শাহিন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কালু হাজীর পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া তাঁত ও বস্ত্র মেলায় চলা নগ্ন নাচের আসরে উখিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শাহিন টিকিট না কেটে প্রবেশ করছিলেন। এ সময় উপজেলার সিকদার বিল গ্রামের জাহাঙ্গীর সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। রাত একটার দিকে শাহিন বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের কর্মীরা উখিয়া সদর জামান হোটেলের সামনে তার পথরোধ করে। এক পর্যায়ে জাহাঙ্গীর উত্তেজিত হয়ে শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।