গাজীপুরের পূবাইল এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে মারা যান তিনি। এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়াল আটজনে।
নিহতের নাম মো. স্বাধীন ফরাজি (২৬)। তিনি জামালপুরের ইসলামপুর থানা এলাকার মৃত সিরাজ ফরাজির ছেলে। তিনি গাজীপুরের সিটি করপোরেশনের পূবাইলে পরিবার নিয়ে বসবাস করতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। স্বাধীন ফরাজি মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অন্য নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২১), মাদারীপুর সদরের খামারবাড়ি এলাকার সোবহান তালুকদারের ছেলে আলহাজ (২৩), স্থানীয় বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা (৩০), কারখানার নিরাপত্তাকর্মী স্থানীয় বসুগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে সেলিম মোল্লা (৪৫), মাদারীপুরের ডাসার থানার ভাগুরিয়া এলাকার আ. রাজ্জাকের ছেলে কাওসার বিশ্বাস (৩৪) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে মারা যান কারখানার সুপারভাইজার আব্দুল কাদের (৫৫) নরসিংদীর ঘোড়াশাল এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে কারখানার সুপারভাইজার কামাল হোসেন (৪৯)।
উল্লেখ্য, শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের স্মার্ট মেটাল অ্যান্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানার পাশের জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাবার সময় অটোরিকশাযাত্রী স্কুলশিক্ষিকাসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অগ্নিদগ্ধ আরো তিনজনকে স্থানীয়রা গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং টঙ্গী সরকারি হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ সুপারভাইজার আব্দুল কাদের রোববার এবং সুপারভাইজার কামাল হোসেন মঙ্গলবার এবং স্বাধীন ফরাজি শুক্রবার বিকেলে মারা যান।