রংপুর শহর থেকে অপহরণের ২ মাস পর মিঠাপুকুরে রওনক (৪) নামে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রওনক রংপুর শহরের নিউ আদর্শপাড়ার মোসাদ্দেক হোসেন রাঙার ছেলে। তিনি একজন মানবাধিকারকর্মী।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানীপাড়া গ্রামের এক কৃষকের জমিতে কুয়ার ভেতর বস্তাবন্দি লাশটি দেখতে পায় এলাকাবাসী। ওই এলাকার ইউপি সদস্য নুর ইসলাম থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে রংপুর শহরের নিউ আদর্শপাড়ার মোসাদ্দেক হোসেন রাঙা নামে একজন মানবাধীকার কর্মী রাত ৯টার দিকে মিঠাপুকুর এসে লাশটি তার ছেলে রওনকের বলে শনাক্ত করেন।
তিনি জানান, গত বছরের ১ ডিসেম্বর চিহ্নিত সন্ত্রাসীরা তার ছেলেকে অপহরণ করে। ওই সময় কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা করেছিলেন তিনি।