লোহাগাড়ায় ব্যবসায়ীকে অপহরণের দায়ে আটক ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় শুক্রবার ব্যবসায়ী মো. নোমানকে (৪০) অপহরণের দায়ে তিন জনকে আটক করেছে থানা পুলিশ। 
 
তারা হলেন- পটিয়া কুসুমপুরা এলাকার এজাহারুল হকের মেয়ে তনজু আক্তার (১৮), লোহাগাড়া উপজেলার আধুনগর নূর মোহাম্মদ সিকদার পাড়ার আবুল হাসেমের ছেলে ফারুক প্রকাশ চোর ফারুক ও ডিবি আসিফ (৩২) এবং একই এলাকার ইসমাইলের ছেলে মো. ফরিদুল আলম (৩৫)।
  
জানা যায়, উপজেলার চুনতি খলিফা পাড়ার নুরুল আমিনের ছেলে চট্টগ্রাম শহরের রিয়াজ উদ্দীন বাজারের ব্যবসায়ী মো. নোমান (৪০) মাস খানেক আগে বাড়ি যাওয়ার পথে সন্ধ্যায় অপহরণ হয়। অপহরণকারীরা তাকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে এক লাখ টাকার বেশি আদায় করে ১০০টাকার নন জুডিশিয়াল ষ্ট্যামে স্বাক্ষর নেয়। অপহরণর পরের দিন বিকালে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় মো. নোমান লোহাগাড়া থানায় বাদি হয়ে আটককৃতরাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা (নং- ৩৮) দায়ের করে।
 
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) কেপায়েত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের খুলশি থানাধীন লালখান বাজার এলাকার শানে মদিনা রেষ্টুরেন্ট থেকে শুক্রবার বিকালে এ তিন জনকে আটক করে রাতে থানা হেফাজতে নিয়ে যায়। 
 
এ ব্যাপারে ওসি (তদন্ত) কেপায়েত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। বাকি আসামিদেরকেও আটক করে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।