মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েত উল ভূঁইয়া জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি থেমে থাকা প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাছটি মহাসড়কের অন্যপাশে গিয়ে পড়লে ওই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।