চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার গড়াইটুপি ব্রিজমোড় থেকে ১৮২ বোতল ফেনসিডিলসহ নজরুল শেখ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক নজরুল ফরিদপুরের শাহাপুর গ্রামের রবিউল ওরফে রবি শেখের ছেলে। 
 
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস জানান, চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশে ট্রাকভর্তি ফেনসিডিলের চালান পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গড়াইটুপি এলাকায় অবস্থান নেয়। 
 
সকাল পৌনে ৮টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে তা উপেক্ষা করে পালাতে চেষ্টা করে। এ সময় গাড়িটিকে ধাওয়া করলে চালক পালিয়ে গেলেও ১৮২ বোতল ফেনসিডিলসহ নজরুলকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।