ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড টি টোয়েন্টি দলে ফিরলেন নারিন

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত দল শুক্রবার ঘোষণা করা হয়েছে। বিস্ময়করভাবে দলে ডাক পেয়েছেন  নিষিদ্ধ অফ-স্পিনার সুনীল নারিন।

এছাড়া ডাক পেয়েছেন বিতর্কিত ওপেনার ক্রিস গেইল ও ডুয়াইন ব্র্যাভো। আগামী ৮ মার্চ থেকে শুরু হওয়া এবারের আসরে ১৫জনের ক্যারিবীয় স্কোয়াডের নেতৃত্ব দিবেন ড্যারেন সামি। এই দলে রয়েছেন ২০১২ সালে শ্রীলংকায় শিরোপা জয় করা দলের ১১জন সদস্য। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরের ছয়জন খেলোয়াড় রয়েছেন । চার বছর আগে শ্রীলংকার বিপক্ষে ফাইনালে কলম্বোতে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারিন। ফাইনালে মাত্র ৯ রানে তিনি তুলে নিয়েছিলেন ৩ উইকেট।

কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত নভেম্বর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ আছেন ২৭ বছর বয়সী এই অফ-স্পিনার। টেস্ট ও ওয়ানডেতে সাম্প্রতিক ব্যর্থতা স্বত্বেও বর্তমানে টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ শীর্ষস্থান দখল করে আছে। ভারতীয় বিশ্বকাপে গ্রুপ-১ এ ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও বাছাইপর্ব উঠে আসা একটি দল।

স্কোয়াড : ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, সুলাইমেন বেন, ড্যারেন ব্র্যাভো, ডুয়াইন ব্র্যাভো, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনীল নারিন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, জেরম টেইলর। বাসস।