আইরিশদের ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালের পথ আরো মসৃন করল নেপাল। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দেয় নেপাল।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩১ রান করে আয়ারল্যান্ড। ২৭ রানে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে কম রানে বেধে রাখেন সন্দিপ লামিচানের। ৩২তম ওভারে পরপর তিন বলে লোরক্যান টাকার, উইলিয়াম ম্যাকক্লিনটক ও ফিয়াচরা টাকারকে ফিরিয়ে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেন তিনি।
সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত থাকেন হ্যারি হেক্টর। এ ছাড়া ২৭ রান করেন জ্যাক টেকটর।
জবাবে ২৫ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। ১৪৭ বল হাতে রেখে পাওয়া জয়ে ৬১ রানে অপরাজিত থাকেন যুগেন্দ্র সিং কার্কি। তার ৮১ বলের ইনিংসটি গড়া ৮টি চারে। ৩১ রানে অপরাজিত থাকেন আরিফ শেখ। এ ছাড়া সুনিল ধামালা করেন ২৮ রান।
শনিবার গ্রুপের অন্য ম্যাচে ভারতের কাছে হেরে গেলে সুপার লিগের সম্ভাবনা শেষ হয়ে যাবে নিউ জিল্যান্ডের। সবার আগে শেষ আট নিশ্চিত হবে ভারত, নেপালের। বিডি নিউজ।