মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্বা রয়েছে। আর এ কারণে আওয়ামী লীগ সরকারের কোনো উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি নেতারা প্রলাপ বকছেন।’
শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘বাংলাদেশের মেয়েরা লেখাপড়ায় যত বেশি উৎসাহী হবে, দেশ তত বেশি উন্নয়নের দিকে যাবে।’
তিনি বলেন, ‘আইসিইউতে থাকা শ্রমিক কলেজকে আওয়ালী লীগ সরকার প্রাণ ফিরিয়ে দিয়েছে। বর্তমান সরকারের আমলেই কালীগঞ্জ শ্রমিক কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা হয়েছে। এ সরকারের আমলেই এ কলেজকে সরকারিকরণ করা হবে।’
কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক মো. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুল মালেক সরকার, ওই কলেজের সহকারী অধ্যাপক পরিতোশ চন্দ্র গোপ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, হাসান শরীফ খান ববি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী আরেফীন রুমী, কনা ও ইমরান গান পরিবেশন করেন।