মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে জমি দখলে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সোহরাব হোসেন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার উপজেলার আলদী গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর মিয়া ও যুবলীগ কর্মী মেহেদী হাসানের নেতৃত্বে কিছু লোক শনিবার দিবাগত রাতে আলদী গ্রামের হারেজ মিয়ার জমি দখল করেন। রবিবার সকালে তারা ওই জমিতে গেলে গ্রামের যুবক সোহরাব হোসেন বাধা দেন। এ সময় মেহেদী ক্ষিপ্ত হয়ে সোহরাব হোসেনকে গুলি করেন।
এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আটক মেহেদী নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গুলিবিদ্ধ সোহরাব হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।