জাবিতে পাখি মেলা ৫ ফেব্রুয়ারি

পাখি সংরক্ষণে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৪তম ‘পাখিমেলা- ২০১৬’। ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’-এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টারের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান। 
 
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া তলায় অনুষ্ঠিতব্য এবারের পাখি মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে- আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনীর মাধ্যমে স্টল সাজানো প্রতিযোগিতা, অডিও-ভিডিও এর মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সবশেষে থাকছে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। 
 
মেলার আহ্বায়ক ড. মো. কামরুল হাসান বলেন, পাখি সংরক্ষণ ও এই বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে এই পাখি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টার।