অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের শিরোপা জিতেছেন জেমি মারে ও ব্রুনো সোরেস জুটি। ব্রিটিশ খেলোয়াড় জেমি মারে বিশ্ব র্যাঙ্কিংয়ের অন্যতম শীর্ষ তারকা অ্যান্ডি মারের ছোট ভাই।
সপ্তম বাছাই ব্রিটিশ-ব্রাজিলিয়ান এই জুটি রড লেভার এরিনার ফাইনালে চেক প্রজাতন্ত্র ও কানাডার অভিজ্ঞ জুটি রাদেক স্টেপানেক ও ড্যানিয়েল নেস্তোরকে ২-৬, ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করে শিরোপা জয় করেন। ফাইনালের ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন মারে। ভাইয়ের শিরোপা গ্রহণের মুহূর্তটি তিনি মোবাইলে ফোনে ছবি তোলার মাধ্যমে স্মরণীয় করে রাখেন।
নতুন গড়া এই জুটির এটাই প্রথম ডাবলস শিরোপা। গ্র্যান্ড স্ল্যামেও তারা জুটি বেঁধে প্রথম কোর্টে নেমেছিলেন। ২০১১ সালে সর্বশেষ তারকা মার্কিন জুটি ব্রায়ান ব্রাদার্স শিরোপা জেতার পরে মেলবোর্ন পার্ক গত পাঁচ বছরে ভিন্ন পাঁচটি জুটি চ্যাম্পিয়ন হিসেবে উপহার দিল।