বিনোদন রিপোর্ট
অডিও বাজারের পাশাপাশি এক সময় স্টেজেও তাক লাগিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা। ক্যারিয়ারে নিজের অবস্থানটা বেশ শক্তভাবেই গড়েছিলেন তিনি। নানা ব্যক্তিগত টানাপোড়েনে প্রায় ৭ বছর খবরের বাইরে ছিলেন তিনি। এরপর আবারো ফিরে নতুন গান দিয়ে প্রশংসা কুড়ান মিলা। তবে সেই সময়টাতেও নিয়মিত হওয়া হলো না তার। আবারো ‘নিখোঁজ’ তিনি। এরপর বিয়ে বিচ্ছেদসহ বিভিন্ন সমস্যা নিয়ে আবারো চলে যান। সেই বিরতিরও সমাপ্তি ঘটলো এবার। আবারো স্টেজে মিলা।
সম্প্রতি তিনি কয়েকটি কনসার্টে অংশ নিয়েছেন। এরপর এই মাস থেকে শুরু করে আগামী মাস পর্যন্ত আরো কয়েকটি কনসার্ট রয়েছে তার। মিলা বলেন, ‘স্টেজ আমার ভালোবাসার জায়গা। দর্শকদের উল্লাসই আমার অক্সিজেন। এতদিন পর আবারো ভালোবাসার জায়গাটায় ফিরে আসতে পেরেছি। এটি আমার জন্য বড় পাওয়া।’
স্টেজের পাশাপাশি এখন ভক্তদের অপেক্ষা মিলার নতুন গান। অনেকদিন তার কণ্ঠে নতুন কোনো গান নেই। তবে শিগগিরই হয়তো সেই খবরো মিলবে।
মিলা চলতি সময় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার একটি কনসার্টে দেখা যাবে তাকে।