ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আলম মিয়া (২৬) নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুত্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
মো. আলম মিয়ার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অগ্রদূত পরিবহনের বাসটি হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি সৈয়দপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর থেকে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকে আছে।
 
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।