নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড টি টোয়েন্টি দলে তিন স্পিনার

ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য তিনজন স্পিনারকে নিয়ে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় উইকেটের কথা বিবেচনা করেই দলে তিনজন স্বীকৃত স্পিনার রাখা হয়েছে।
 
কেন উইলিয়ামসনের নেতৃত্বে এই দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ন্যাথান ম্যাককালাম, মিশেল সান্টনার ও ইশ সোধিকে। নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাওয়ায় কেনকেই দলের দায়িত্ব দেয়া হয়েছে। এ সম্পর্কে কোচ মাইক হেসন বলেছেন, ভারতীয় কন্ডিশনকে মাথায় রেখে আমাদের সবসময়ই তিনজন প্রথম সারির স্পিনারের দিকে চোখ ছিল। আশা করছি এই তিনজনই দলের জন্য ভূমিকা রাখতে পারবে। পুনরায় ন্যাথানকে দলে পেয়ে আমরা দারুণ খুশী। বিদেশের মাটিতে তার অভিজ্ঞতা এখানে বিবেচ্য। প্রথম ছয় ওভারে সে এবং সান্টনার দুজনেই বোলিং করার ক্ষমতা রাখে। আর এর ফলে কেনের হাতে অনেক পথ খুলে যাবে।
 
হেসন আরো জানিয়েছেন টিম সাউদি, রস টেইল ও মিশেল ম্যাকক্লেনেঘান বর্তমানে ইনজুরিতে আছেন। তবে টুর্নামেন্টের আগে তাদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে সকলে আশাবাদী। লুক রঞ্চির ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে নতুন হেনরি নিকোলাসকে দলে রাখা হয়েছে। তবে সাউদি, ম্যাকক্লেনেঘান, ট্রেন্ট বোল্ট ও এ্যাডাম মিলনেকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক ফাস্ট বোলার ম্যাট হেনরি।  সুপার টেন পর্বে গ্রুপ-২’তে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও প্রথম রাউন্ডের বাঁধা পেরুনো একটি দল।
 
নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, এ্যাডাম মিলনে, মিশেল ম্যাকক্লেনেঘান, কোলিন মুনরো, ন্যাথান ম্যাককালাম, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিশেল সান্টনার, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর।