চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শিশুসহ আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, হাইমচর ইশানবালার নারগিস (২৮), শিশু রতন (২) ও আহম্মদ উল্যাহ শিকদার (৪৪)।
সোমবার দুপুরে চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী এলাকার কালিগঞ্জ মেঘনা নদীতে স্থানীয় লোকজন মৃতদেহগুলোর সন্ধান পায়। নিখোঁজ নয়জনের মধ্যে এ পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার হলো।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) হুমায়ুন কবির জানান, পুলিশ ও স্বজনরা ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো নিয়ে ট্রলারে করে হাইমচরের উদ্দেশ্যে রওনা করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রানা’ নামের একটি ট্রলার ঈশানবালার উদ্দেশ্যে রওনা হয়। মেঘনার মাঝ নদীতে ঘনকুয়াশায় ট্রলারটি একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।