রাজশাহীতে অপহৃত আখতারুজ্জামানের সন্ধান দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্র ও এক্সিম ব্যাংকের সাবেক কর্মকর্তা আখতারুজ্জামানকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
সোমবার সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
 
রাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে ফাইন্যান্স বিভাগের প্রফেসর আব্দুল মজিদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও আখতারুজ্জামানের স্ত্রী শামীমা জাহান বক্তব্য দেন।
 
বক্তারা অভিযোগ করেন, অপহরণের ১২ দিন পরও আখতারুজ্জামানের কোনো হদিস করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় বক্তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনাও করেন।
 
মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) সুশান্ত রায় বলেন, ‘অপহরণের ঘটনায় এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। স্পর্শকাতর হিসেবে পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। অপহৃতকে উদ্ধারে প্রচেষ্টা চলছে।’
 
উল্লেখ্য, ২১ জানুয়ারি দুপুরে মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের কয়েক যুবক আখতারুজ্জামানকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যার পর তার বাবা আফসার উদ্দিন আহমেদ নগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন।