যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৬ কেজি গাঁজা ও ৯শ’ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার সকাল ৯টায় বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি জানান।
জানা গেছে, পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে এপারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি রাতভর সীমান্তে টহল জোরদার করে। পরে আজ সকাল ৯টার দিকে পাচারকারীরা মাদকদ্রব্য নিয়ে এপারে ঢোকার চেষ্টা করলে তাদের ধাওয়া করে তারা। এ সময় তারা মাথায় থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তার মধ্য থেকে ৩৬ কেজি গাঁজা ও ৯শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়।