কর ফাঁকির মামলায় আদালতে যেতে হবে নেইমারকে

ঝামেলা যেন পিছু ছাড়ছেই না বার্সেলোনা সুপারস্টার নেইমারের। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময়ে কর ফাঁকির মামলায় এবার তাকে একটি স্প্যানিশ আদালতে হাজিরা দিতে হবে।
 
এর আগে স্পেনের রাজধানী মাদ্রিদের এক আদালতে সোমবার বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল ও বর্তমান সভাপতি বার্তেমেউ জানিয়েছেন নেইমারের দলবদলের সময়ে কোনো অনিয়ম হয়নি। বার্সেলোনা জানিয়েছে, নেইমারের জন্য ৫৭ মিলিয়ন ইউরো খরচ করা হয়েছিল যার ৪৫ মিলিয়ন ইউরো তার বাবা মা পেয়েছে। তবে স্প্যানিশ তদন্তকারীরা জানিয়েছেন, নেইমারকে দলে নিতে সব মিলিয়ে ৮৩ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সা এবং এইজন্য আরো ১৩ মিলিয়ন ইউরো কর দিতে হবে বার্সাকে।
 
বার্সেলোনা সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বার্সেলোনা গত বছর আদালতে যা বলেছিল এবারও তাই বলেছে, আমরা সঠিকভাবে সবকিছু করেছি। আমরা এটা নিয়ে চিন্তিত নয় এবং ন্যায়বিচারে আমাদের আস্থা আছে। বিবিসি।