কেন্দ্রীয় চুক্তিতে বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করছে পিসিবি, ঘনিষ্ঠ এক সূত্রর বরাত দিয়ে এমন ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সম্ভাবনাময় এই তরুণ।
সূত্রটি নিশ্চিত করেছে চলতি সপ্তাহের শেষেই আমিরের চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। পুরো বিষয়টি এখন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের উপর নির্ভর করছে। কিন্তু জাতীয় নির্বাচক প্যানেল ও দলীয় ব্যবস্থাপনা বিশ্বাস করে পুনর্বাসন প্রক্রিয়া ও অযাচিত ঘটনার দুঃসহ স্মৃতি পিছনে ফেলে নিজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই চুক্তি সহযোগিতা করবে।
গত এপ্রিলে আইসিসির বিশেষ বিবেচনায় আমির পুনরায় ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি লাভ করেন। এর আগে সেপ্টেম্বরে আইসিসি’র দেয়া নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়। ঘরোয়া ক্রিকেটে ফিরে বেশ কয়েকটি দারুণ পারফরমেন্সের মাধ্যমে তরুণ এই পেসার সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তার বোলিং ছিল দুর্দান্ত। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি২০ ও ওয়ানডে দলে অন্তর্ভুক্তির মাধ্যমে তার জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়।
সূত্রমতে ইঙ্গিত পাওয়া গেছে ‘সি’ ক্যাটাগরিতে হয়তবা আমিরকে চুক্তিভূক্ত করা হতে পারে। আর সেটা হলে প্রতি মাসে বোর্ড থেকে দুই লক্ষ রুপি তো পাবেনই, এর সাথে যোগ হবে ম্যাচ ফি ও উইনিং বোনাস। পিটিআই।